প্রাকৃতিক উপায়ে জল শোধন
3.1.4 প্রাকৃতিক উপায়ে জল পরিশোধন (Natural Recovery Process of Water Bodies) : ভূপৃষ্ঠের উপর নদী, হ্রদ, পুকুর, খাল, বিল ইত্যাদি দ্বারা প্রবাহিত জলকে ভূপৃষ্ঠের জলপ্রবাহ বা Surface Water বলে। এই সকল জলভাগে বিভিন্ন উৎস থেকে বহুবিধ দূষক বা দূষণকারী পদার্থ সহজেই জলে মিশে জলকে দূষিত করে। কিন্তু বিভিন্ন উৎস থেকে আগত বর্জ্য চিরস্থায়ী হয় না কারণ প্রাকৃতিক নিয়মে তাদের শুদ্ধিকরণ ঘটে। এই শুদ্ধিকরণকে Natural Recovery Process of Water Bodies বলে। প্রাকৃতিক শুদ্ধিকরণ পদ্ধতি দুই ভাবে হয়। (ক) ভৌত পদ্ধতি (খ) জৈবিক রাসায়নিক পদ্ধতি (ক) ভৌত পদ্ধতি (Physical Process): যখন বিভিন্ন উৎসের বর্জ্য জল নদী, পুকুর, খাল ইত্যাদিতে পরিত্যক্ত হয়, তখন বর্জ্য জলের ভাসমান ও দ্রবীভূত কঠিন পদার্থগুলি খুব দ্রুত জলাশয়ের মধ্যে ছড়িয়ে যায় ফলে দূষক পদার্থের ঘনত্ব কমে যায় অর্থাৎ পাতলা হয়ে যায়। এইভাবে দূষণের মাত্রা হ্রাস পায়। এই ঘটনাকে বলা হয় দূষণকারী পদার্থের লঘুকরণ ও বিস্তার । জলাশয়ে বর্জ্য জল এসে পড়ার সময় ভারী ভাসমান কঠিন পদার্থগুলি যেখানে জল পরিত্যক্ত হচ্ছে সেখানেই থিতিয়ে যায়, ফলে উপরিভাগের জল কমবেশি পরিষ্কার হয়। এই ঘটনাকে থিতানো বা গাদ জমা (Sedimentation) বলে। প্রাকৃতিক বিশুদ্ধিকরণ পদ্ধতিতে সূর্যালোক একটি অতি প্রয়োজনীয় উপাদান। সূর্যালোকে জলাশয়ের জীবাণু ধ্বংস হয়। জল পরিষ্কার হয় ও জলজ সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। ফলে জলের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এই মুক্ত অক্সিজেন অস্থায়ী জৈব পদার্থগুলিকে জারিত করে। এই ঘটনাকে সূর্যালোকের ক্রিয়া-বিক্রিয়া বলে। (খ) জৈবিক-রাসায়নিক পদ্ধতি (Biochemical Process) : যখন বর্জ্যজল জলাশয়ে পরিত্যক্ত হয় তখনই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেন বর্জ্য জলে উপস্থিত জৈব পদার্থের জারণক্রিয়া শুরু করে। জৈব পদার্থগুলি বর্জ্যজলে উপস্থিত ব্যাকটেরিয়া বা আণুবীক্ষণিক জীব (Microorganism)-এর উপস্থিতিতে জারিত হয়ে সরল জৈব ও অজৈব পদার্থে পরিণত হয়। এই ঘটনাকে জারণ-ক্রিয়া বলে। প্রাকৃতিক বিশুদ্ধিকরণ পদ্ধতি, জারণক্রিয়া খুবই প্রয়োজনীয় পদক্ষেপ কারণ বর্জ্য জলের সমস্ত জৈব পদার্থগুলি এখানে সম্পূর্ণভাবে জারিত হয়। এরপর বর্জ্য জলের জৈব পদার্থগুলি অবায়বীয় (anaerobic) অবস্থায় জৈবিক উপায়ে বিজারিত হয়ে জলাশয়ের তলায় থিতিয়ে পরে। জটিল জৈব পদার্থগুলি জৈব ধাতব (organo metallic) যৌগে পরিণত হয় ৷ এই ভাবে ভূপৃষ্ঠের জলাশয় দূষণমুক্ত হয়।